• ২২ কার্তিক ১৪৩৩, বৃহস্পতি ১২ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Babul Supriya

প্রযুক্তি

ইনফোসিসের নয়া ক্যাম্পাস, কর্মসংস্থানের আশার আলো বাংলায়

আইটি সেক্টরে খুশির খবর। নয়া কর্মসংস্থানে পথ দেখাতে পারে ইনফোসিস। রাজ্যের বুকে মাথা উঁচু করে দাঁড়াল ইনফোসিসের নয়া ক্যাম্পাস। কলকাতার নিউ টাউনে ইতিমধ্যে চালু করা হয়েছে ঝা চকচকে অফিস। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় বুধবার বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে আইটি সংস্থাগুলির বিনিয়োগ বাড়ছে। বুধবার থেকে দেশের বৃহত্তম আইটি সংস্থাগুলির মধ্যে একটি, ইনফোসিস কলকাতার নিউ টাউনে তার নব নির্মিত ভবনে কার্যক্রম শুরু করেছে। এই খবরে আইটি সেক্টর বাংলায় নতুন করে আশার আলো দেখছে বলে মনে করছেন অভিজ্ঞরা।The Dept of ITE is elated to inform that @Infosys has started their operations in Kolkata from today in their newly built State of the Art facility in New Town. Sharing a few pictures from my recent visit to the spectacular premises spread across 50 acres. All depts of the GoWB pic.twitter.com/PKjDp0gOFG Babul Supriyo (@SuPriyoBabul) July 10, 2024মন্ত্রী বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন যে তিনি কয়েক দিন আগে ৫০ একর জুড়ে বিস্তৃত দুর্দান্ত কমপ্লেক্সটি পরিদর্শন করেছেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছেন। এখন এই কেন্দ্রের কার্যক্রম শুরু হওয়ায় এখানকার হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে। তিনি আরও বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কলকাতাকে ভারতের পরবর্তী সবচেয়ে জনপ্রিয় আইটি হাব করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জুলাই ১১, ২০২৪
রাজ্য

রাজ্য মন্ত্রিসভায় রদবদল, পর্যটন দফতর হাতছাড়া বাবুলের, সমবায় গেল অরূপের

নবান্নের আনাচে-কানাচে কয়েকদিন করেই চলছিল জল্পনা। অবশেষে সোমবার তা সত্যি হল। প্রথম একাদশে থাকবেন বলে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। ডানা ছাঁটা হল মন্ত্রী বাবুল সুপ্রিয়র। পর্যটন দফতর থেকে সরানো হল বালিগঞ্জের বিধায়ককে। পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হল ইন্দ্রনীল সেনকে। বাবুল সুপ্রিয়কে তথ্য-প্রযুক্তি ও অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে তথ্য-সংস্কৃতি ও কারিগরি দফতরের সঙ্গেই বাড়তি পর্যটন দফতর সামলাতে হবে ইন্দ্রনীল সেনকে।বাবুল সুপ্রিয় সঙ্গেই দায়িত্ব ছাঁটা হয়েছে প্রবীণ মন্ত্রী অরূপ রায়েরও। সমবায় দফতর থেকে সরানো হয়েছে অরূপ রায়কে। তাঁকে খাদ্য প্রক্রিয়াকরণের দায়িত্ব দেওয়া হয়েছে।পাশাপাশি এদিনের রদবদলে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রদীপ মজুমদারের দায়িত্ব বেড়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক বনদফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পাচ্ছেন। অতিরিক্ত দায়িত্ব হিসাবে সমবায় দফতর সামলাতে বলা হয়েছে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে। এছাড়া, বিপ্লব মিত্র আপাতত ক্রেতা সুরক্ষা দফতর সামলাবেন।বিকেলে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, মন্ত্রিসভার রদবদলের সিদ্ধান্তেট অনুমোদন রাজ্যপাল সিভি আনন্দ বোস দিয়েছেন। এছাড়াও বাকিটা পরে করে দেওয়া হবে।

সেপ্টেম্বর ১১, ২০২৩
রাজ্য

অবশেষে জটিলতা কাটল বাবুলের শপথের, ডেপুটি স্পিকারকে বিশেষ ক্ষমতা রাজ্যপালের

শেষমেশ তৃণমূল সাংসদ বাবুল সুপ্রিয়র শপথের জটিলতা কাটল। প্রায় দুই সপ্তাহ হয়ে গিয়েছে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন বাবুল। জানা গিয়েছে, বাবুল সুপ্রিয়র শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভার ডেপুটি স্পিকারকে বিশেষ ক্ষমতা দিয়েছেন।আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ যোগ দিয়েছিলেন তৃণমূলে। ঘাসফুল শিবিরে যোগ দিয়ে প্রথম সাংবাদিক বৈঠকে বাবুল সুপ্রিয় বলেছিলেন, তিনি প্রথম একাদশে খেলতে চান। শেষমেশ বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তাঁকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিধায়কপদে শপথ নিয়ে জটিলতা বেড়ে যায়। রাজ্যপাল জগদীপ ধনখড় বাবুলের শপথের ফাইল ফেরত পাঠিয়ে দেন। তাঁর শপথ নিয়ে সমস্যা তৈরি হয়। সূত্রের খবর, রাজ্যপালের বক্তব্য ছিল, রাজ্য সরকার রাজভবনের কোনও প্রশ্নের জবাব দিচ্ছে না। যাই হোক শেষমেশ বিধানসভার ডেপুটি স্পিকারকে ক্ষমতা দেওয়ায় এবার শপথ নিতে চলেছেন বাবুল। বাংলায় প্রবাদ আছে। মচকাবেন কিন্তু ভাঙবেন না। নিজে না করে ডেপুটি স্পিকারকে শপথের দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। অর্থাৎ শপথ হলেও নিজে হাজির থাকবেন না। রাজনৈতিক মহলের মতে, রাজ্যপাল এই সিদ্ধান্ত দ্বারা বুঝিয়ে দিলেন তিনি নিজের অবস্থান থেকে সরছেন না। রাজ্য সরকারের নানা কর্মকান্ডে তিনি যে সন্তুষ্ট নয়, তা এর আগে নানা মন্তব্য করে স্পষ্ট করেছেন জগদীপ ধনখড়।

এপ্রিল ৩০, ২০২২
রাজ্য

রাজ্য-রাজ্যপালের সংঘাতের জের, বিধায়ক বাবুল সুপ্রিয়র শপথ কবে?

বিজেপির সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন। মন্ত্রীত্ব থেকে সরে যাওয়ার পর বিজেপি ছেড়ে দেন। রাজনীতি ছেড়ে দেব ঘোষণা করেও তৃণমূলে যোগ দেন। বালিগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হন। কিন্তু এখনও বিধায়ক হয়ে শপথ নিতে পারেননি বাবুল সুপ্রিয়। প্রায় ১০ দিন পেরিয়ে গিয়েছে এখনও জয়ী প্রার্থী হিসাবেই রয়ে গিয়েছেন বাবুল। কবে শপথ হবে তার দিনক্ষণও ঠিক হয়নি।রাজ্য-রাজ্যপালের সংঘাত যেন কিছুতেই কমছে না। এবার সংঘাতের বলি হলেন বালিগঞ্জ উপনির্বাচনে নবনির্বাচিত বিধায়ক বাবুল সুপ্রিয়। তার শপথগ্রহণ সংক্রান্ত ফাইল ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, শপথের বিষয়ে রাজ্যপাল সাংবিধানিক ভাবে দায়বদ্ধ। তিনি কোনও শর্ত আরোপ করতে পারেন না। সূত্রের খবর, এবার একেবারে শপথের তারিখ উল্লেখ করে ফাইল পাঠাচ্ছে পরিষদীয় দফতর।বেশ কিছু প্রশ্নের জবাব রাজ্যের কাছ থেকে মেলেনি রাজ্যপালের। সূত্রের খবর, এই কারণেই নাকি গোঁসা হয়েছে রাজ্যপালের। যদিও সরকারি ভাবে রাজ্যপাল বা রাজভবন থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। রাজ্য অপেক্ষা করে আছে রাজ্যপাল কী সিদ্ধান্ত নেন তার ওপর। অন্যদিকে নয়া বিধায়ক বাবুল সুপ্রিয় হতাশ। বিধায়ক না হলে বিধানসভার কোনও কমিটিতেও থাকতে পারছেন না। আবার মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও বিধায়ক পদে শপথ নিতে হবে বাবুলকে।

এপ্রিল ২৮, ২০২২
রাজ্য

বিজেপির বহিরাগত খোঁচা বিহারীবাবুকে, বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুলকে হুঙ্কার ইমাম অ্যাসোসিয়েশনের

গতবছর ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার কথা ছিল বিহারীবাবুর। শেষমেশ আসানসোল লোকসভা আসনের টিকিট হাতে নিয়েই তৃণমূলে যোগ দিলেন অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বালিগঞ্জে তৃণমূল প্রার্থী করেছে বিজেপি থেকে দলে যোগ দেওয়া প্রাক্তন আরেক বিজেপি সাংসদ গায়ক বাবুল সুপ্রিয়কে। লোকসভা ও বিধানসভা দুই আসনের প্রার্থী আগে বিজেপি করতেন, দুজনই সাংসদ ছিলেন, দুজনই শিল্পী জগতের লোক। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই প্রার্থীর নাম টুইট করে জানানোর পরই বিজেপির তরফ থেকে নানা ধরনের কটাক্ষ করা হয়।বিজেপির রাজ্য পর্যবেক্ষক অমিত মালব্য টুইটে লেখেন অভিষেকের লোককে প্রার্থী না করে বহিরাগতকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, নিজেদের প্রার্থী নেই বলে দুই প্রাক্তন বিজেপি নেতাকে প্রার্থী করেছে তৃণমূল। প্রায় একই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। যদিও তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বক্তব্য, একজন প্রাজ্ঞ রাজনীতিক সাংসদ হলে তৃণমূলের লাভ হবে।It was widely speculated that TMC would field Saayoni Ghosh, president of partys youth wing, considered close to Abhishek Banerjee, from Asansol. But Mamata Banerjee, just to cut her nephew to size has fielded a complete outsider, not just for Asansol but Bengal, from the seat. Amit Malviya (@amitmalviya) March 13, 2022এদিকে এরই মধ্যে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন বাবুলের বালিগঞ্জে প্রার্থী হওয়া নিয়ে হুঙ্কার ছেড়েছেন। সংগঠনের সভাপতি মহম্মদ ইয়াহ ইয়াহ বলেছেন, একজন দাঙ্গাকারীকে তৃণমূল প্রার্থী করেছে, তা মেনে নেওয়া যায় না। প্রয়োজনে আমি নিজে ওই কেন্দ্রে প্রার্থী হব। ধর্মনিরপেক্ষ মানুষের প্রার্থী হব আমি। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বহিরাগত তত্বকে হাতিয়ার করেই সর্বত্র প্রচার করেছে বিজেপির বিরুদ্ধে।এবার অন্য রাজ্য থেকে একজন অবাঙালিকে প্রার্থী করেছে তৃণমূল। যদিও তৃণমূলের পক্ষে কেউ কেউ যুক্তি খাড়া করতে চাইছেন এটা লোকসভা নির্বাচন। যার প্রেক্ষিত সর্বভারতীয়। ১২ এপ্রিল উপিনর্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মার্চ ১৩, ২০২২
রাজনীতি

Babul-Modi: 'বাঙালির ওপর ভরসা নেই মোদির', ৭ বছর পর বোধদয় বাবুলের

ভবানীপুর উপনির্বাচনের ঠিক আগের দিন বাঙালি বিরোধী তত্ব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বাবুলের স্পষ্ট কথা, বাঙালিদের প্রতি ভরসা নেই নরেন্দ্র মোদির। রাজনৈতিক মহলের অভিমত, ৭ বছর মন্ত্রিত্বে থাকার পর এখন বোধহয় হয়েছে বাবুল সুপ্রিয়ের। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেছেন, যাঁরা বেইমানি করেন তাঁরা এইসব কথা বলতে পারে।দিল্লি থেকে ফিরে বুধবার তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় বলেন, ৭ বছরে কোনও বাঙালি কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পায়নি। পূর্ণ মন্ত্রী তো নয়ই, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দফতরও পাননি কোনও বাঙালি। আসলে প্রধানমন্ত্রী বাঙালিদের ওপর ভরসা করছেন না। বাবুলের এই মন্তব্যের পর শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বাবুলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুন বলেছেন, দলে এসেই ৭ বছরের জন্য মন্ত্রী হয়েছেন। তারপর তিনি এসব কথা বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে আঙুল তুলছেন। বেইমানরা এমন কথা বলতে পারেন।২০১৪-তে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন গায়ক বাবুল। তারপর তাঁকে মন্ত্রী করেছিলেন নরেন্দ্র মোদি। ২০১৯ লোকসভা নির্বাচনে সাংসদ হওয়ার পর ফের মন্ত্রী হয়েছেন বাবুল সুপ্রিয়। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করা হয়েছিল। সেই রদবদলে বাবুল সুপ্রিয়, দেবশ্রী চোধুরীকে সরতে হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে। এরপরই রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বাবুল সুপ্রিয়। জানিয়ে দিয়েছিলেন তৃণমূলেও তিনি যোগ দেবেন না। একথা বলার কিছু দিনের মধ্যেই আকস্মিক বাবুল যোগ দেন ঘাসফুল শিবিরে। ঘটা করে সাংবাদিক বৈঠকও করেন। তখনও এই বাঙালি বিরোধী তত্ব খাড়া করেননি।রাজনৈতিক মহলের মতে, ৭ বছর কেন্দ্রীয় মন্ত্রিত্বে ছিলেন। তারপর সরিয়ে দেওয়ার পর দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। এখন বাঙালির মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে সরব হয়েছেন। রাজনীতিতে টিকে থাকার তাগিদে দলবদল করলেই সুর বদলও করতে হয়।

সেপ্টেম্বর ২৯, ২০২১

ট্রেন্ডিং

কলকাতা

অভিষেকের কালীঘাটের বাড়িতে বুলডোজার? তার আগেই শেড খুলতে শুরু করলেন অনুগামীরা, নতুন করে বাড়ল জল্পনা!

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এক দিকে বাড়ির সামনে বেআইনি ভাবে তৈরি অস্থায়ী শেড ভাঙার তোড়জোড়, অন্য দিকে বাড়ির সামনে সন্দেহজনক গতিবিধি নিয়ে পুলিশের বিরুদ্ধে নজরদারির অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। বুধবার ভাইফোঁটার দুপুরে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে অভিষেক দাবি করেন, তাঁর বাড়ির চারপাশে ফের নজরদারি চালানো হচ্ছে। এমনকি তাঁর উপর হামলার পরিকল্পনা করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।অভিষেকের দাবি, গত সপ্তাহেও একই ভাবে তাঁর বাড়ির সামনে নজরদারি চালানো হয়েছিল। তার পরের দিন, ৭ নভেম্বর, তাঁর বাড়ির সামনে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। চার দিন পেরিয়ে গেলেও ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি করেছেন তিনি।ভাইফোঁটার দিন সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, সাদা হেলমেট পরা দুই ব্যক্তি একটি বাইকে যাচ্ছেন। বাড়ির নীচে কলকাতা পুলিশের লেখা একটি বাইকও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিয়োয় এক ব্যক্তিকে বাইক থেকে নেমে ফোনে কথা বলতে এবং অভিষেকের বাড়ির দিকে তাকাতে দেখা গিয়েছে। এই ভিডিয়ো প্রকাশ করেই ফের হামলার আশঙ্কা প্রকাশ করেন ডায়মন্ড হারবারের সাংসদ।প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তুলেছেন অভিষেক। তাঁর প্রশ্ন, তাঁকে ভয় দেখিয়ে বা হামলা চালিয়ে কি কণ্ঠরোধ করার চেষ্টা চলছে? বার বার অভিযোগ জানানোর পরেও লোকসভার স্পিকার কেন কোনও পদক্ষেপ করছেন না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর দাবি, ক্ষমতার অপব্যবহার করে সত্যের কণ্ঠরোধ করা সম্ভব নয়।প্রসঙ্গত, ৭ নভেম্বর অভিষেকের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তাঁর কালীঘাটের বাড়ির সামনে উত্তেজনা ছড়িয়েছিল। ওই ঘটনায় তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ। বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন।বুধবারের ঘটনা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষও প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, ৭ নভেম্বরের ঘটনার পুনর্নির্মাণ হওয়া উচিত। অভিযুক্তদের চিহ্নিত করা হয়ে থাকলে তাঁদের গ্রেফতার করা হচ্ছে না কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। পুলিশকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন কুণাল।অন্য দিকে, সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই অভিযোগকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে হামলার আশঙ্কা প্রকাশ করলে পুলিশ বিষয়টি খতিয়ে দেখুক।প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, অভিষেকের বাড়ি বেআইনি হলে বা তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে আইনের পথেই তার বিচার হওয়া উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে কোনও পদক্ষেপ করা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।এ দিকে, বুধবার সন্ধ্যায় অভিষেকের বাড়ির সামনে তৈরি অস্থায়ী টিনের শেড খুলে ফেলতে দেখা যায় তাঁর অনুগামীদের। বাড়ির সামনের ফুটপাথ দখল করে ওই শেড তৈরি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার কলকাতা পুরসভার পক্ষ থেকে ওই বেআইনি অংশ ভাঙার অভিযান চালানো হতে পারে বলে খবর ছড়ায়। সূত্রের দাবি, পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় যেতে পারেন। যদিও অভিষেকের আইনজীবী অর্ক নাগের দাবি, পুরসভা বা সরকারের তরফে তাঁরা কোনও নোটিস পাননি।শেড খোলার কারণ ব্যাখ্যা করে অর্ক নাগ জানান, আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড শ্রেণির নিরাপত্তা পেতেন। নিরাপত্তারক্ষী ও পুলিশের সুবিধার জন্যই অস্থায়ী শেডটি তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। তাই শেডটির আর প্রয়োজন নেই বলে সেটি খুলে ফেলা হচ্ছে।

নভেম্বর ১১, ২০২৬
দেশ

বিদেশিদের জন্য ভারতের ভিসা নিয়মে বড় বদল! ১৩ থেকে কমে হল ৯, কোন কোন সুবিধা মিলবে এবার?

বিদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। পর্যটন, চিকিৎসা, পড়াশোনা, গবেষণা থেকে শুরু করে ব্যবসাবিভিন্ন কারণে ভারতে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য বদলে যাচ্ছে ভিসার নিয়ম। নতুন ব্যবস্থায় ভিসার মূল বিভাগ ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে উপবিভাগের সংখ্যাও ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। কেন্দ্রের দাবি, এর ফলে ভিসার আবেদন করা আগের তুলনায় অনেক সহজ হবে।স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, নতুন নিয়মে ২৩টি উপবিভাগের আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের সংখ্যা প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। অর্থাৎ, ভিসার জন্য আবেদন করতে বিদেশিদের আগের তুলনায় অনেক কম তথ্য দিতে হবে। পর্যটন, চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসার মতো একাধিক ক্ষেত্রেই এই পরিবর্তনের সুবিধা মিলবে।নতুন নিয়মে পর্যটক ভিসার নাম বদলে করা হয়েছে ভিজিটর ভিসা। শুধু ঘুরতে আসা নয়, এই ভিসায় ভারতে এসে ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং যোগাভ্যাসের প্রশিক্ষণও নেওয়া যাবে। এ ছাড়া ভারতীয় ভাষা, গান, শিল্প ও হস্তশিল্প শেখার স্বল্পমেয়াদি কোর্স এবং সুস্থ থাকার বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার সুযোগও থাকবে।ভিজিটর ভিসাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি ভি-১ এবং দ্বিতীয়টি ভি-২। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এই ভিসায় একাধিক বার ভারতে প্রবেশ করা যাবে। অন্য দিকে, দীর্ঘমেয়াদি সফরের জন্য ভি-২ ভিসা দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এই ভিসার মেয়াদ হতে পারে এক বছর, পাঁচ বছর অথবা ১০ বছর। ভি-২ ভিসায় অন্যান্য সুবিধার পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। পর্বতারোহণের জন্য আলাদা ছমাসের একাধিকবার প্রবেশের ভিসার ব্যবস্থাও করা হয়েছে।বিদেশি রোগীদের জন্যও সুখবর রয়েছে। চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশিদের ভিসার নিয়ম আরও সহজ করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য থাকবে এম-১ ভিসা। আয়ুর্বেদ, যোগ এবং অন্যান্য আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য থাকবে এম-৩ ভিসা। সাধারণ ভাবে দুটি ভিসার মেয়াদই হবে এক বছর। এই ভিসায় একাধিক বার ভারতে আসা যাবে।রোগীদের সঙ্গে আসা পরিবারের সদস্য বা অন্য ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা থাকছে। এম-১ ভিসাধারী রোগীর সঙ্গে থাকা ব্যক্তিরা এম-২ ভিসা পাবেন। একই ভাবে এম-৩ ভিসাধারী রোগীর সঙ্গীর জন্য থাকবে এম-৪ ভিসা। দীর্ঘদিন চিকিৎসা, বারবার চিকিৎসকের কাছে যাওয়া বা নিয়মিত পরীক্ষা করানোর জন্য বিদেশি রোগীদের বারবার নতুন করে ভিসার আবেদন করতে হবে না। কেন্দ্রের হিল ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।বিদেশি পড়ুয়া ও গবেষকদের জন্যও বদল আনা হয়েছে। পড়ুয়া ভিসাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এস-১ ভিসায় স্কুল, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করা যাবে। অন্য দিকে, এস-২ ভিসা দেওয়া হবে গবেষক, পিএইচডি পড়ুয়া, অতিথি অধ্যাপক, বিজ্ঞানী এবং বিভিন্ন গবেষণামূলক অভিযানে অংশগ্রহণকারীদের। এই ভিসার আওতায় ইন্টার্নশিপ এবং ছাত্র বিনিময় কর্মসূচিও থাকবে।ভারতের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি পড়ুয়ারা স্টাডি ইন ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে ই-এস-১ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মেয়াদ পর্যন্ত হবে। যে মেয়াদ কম, সেটিই কার্যকর হবে। এই ভিসাতেও একাধিক বার ভারতে প্রবেশের সুবিধা থাকবে।ব্যবসার জন্য ভারতে আসা বিদেশিদের ভিসাতেও পরিবর্তন করা হয়েছে। বিজনেস ভিসাকে বি-১ এবং বি-২এই দুটি ভাগে ভাগ করা হয়েছে। ভারতে দীর্ঘমেয়াদি ব্যবসা শুরু করা বা শিল্প সংস্থা গড়ে তোলার জন্য বি-১ ভিসা দেওয়া হবে। অন্য দিকে, স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, উৎপাদন সংক্রান্ত বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিনেমার শুটিংয়ের মতো কাজের জন্য ব্যবহার করা যাবে বি-২ ভিসা।বর্তমানে বিশ্বের ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসার সুবিধা পান। নতুন নিয়ম চালু করার জন্য নিজেদের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নতি করছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের আশা, ২০২৬ সালের শেষের মধ্যে নতুন নিয়মে ভিসা দেওয়া শুরু করা সম্ভব হবে।নতুন ব্যবস্থায় ভারতের মূল ভিসা বিভাগ থাকবে নটি। সেগুলি হল ব্যবসা, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি কাজ, পড়াশোনা, ভ্রমণ এবং অন্যান্য। অন্যান্য বিভাগের আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী বা স্ত্রী এবং সন্তানদের জন্য নির্দিষ্ট ভিসার ব্যবস্থা থাকবে। এ ছাড়া দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের পরিবারের সদস্য, অরোভিলের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে আসা ব্যক্তি এবং ভারতে বসবাস করতে ইচ্ছুক আফগান নাগরিকদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিবেশী দেশগুলির নাগরিকদের জন্যও নির্দিষ্ট কিছু দীর্ঘমেয়াদি ভিসা থাকবে।কেন্দ্রীয় সরকারের দাবি, বিশ্বের বিভিন্ন উন্নত দেশের ভিসা ব্যবস্থা খতিয়ে দেখেই এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম চালু হলে বিদেশিদের জন্য ভারতের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত, সহজ এবং ঝামেলামুক্ত হবে। তবে নতুন নিয়ম পুরোপুরি চালু হওয়ার জন্য কেন্দ্রের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার প্রস্তুতি শেষ হওয়া প্রয়োজন।

নভেম্বর ১১, ২০২৬
কলকাতা

হাসপাতালে শেষ নিঃশ্বাস, প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস! দীর্ঘ লড়াইয়ের পর থামল জীবনযুদ্ধ

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। একের পর এক শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল। শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় হাসপাতালে মৃত্যু হল তাঁর। তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ সমাজমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানান। বর্ষীয়ান এই নেতার শারীরিক অবস্থা নিয়ে গত কয়েক দিন ধরেই উদ্বেগে ছিলেন দলের নেতারা।গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন উজ্জ্বল। হৃদ্যন্ত্রের সমস্যার কারণে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। প্রায় ১৪ দিন হাসপাতালে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু দুর্গাপুজোর পঞ্চমীর দিন ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। সপ্তমীর দিন তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তার পর থেকেই ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কিডনি বিকল হয়ে যাওয়ায় শুরু হয় ডায়ালিসিসও। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।২০২২ সাল পর্যন্ত রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন উজ্জ্বল বিশ্বাস। কৃষ্ণনগর দক্ষিণের বিধায়কও ছিলেন তিনি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন।এর আগে গত জুন মাসে ত্রিপল চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। প্রায় ৪৯ দিন জেলে থাকার পর সব কটি মামলায় জামিন পেয়ে মুক্তি পান তিনি। গ্রেফতারের ২০ দিন পর ত্রাণ চুরির মামলায় তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল কৃষ্ণনগর আদালত। জামিনের শর্ত অনুযায়ী, তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছিল।

নভেম্বর ১১, ২০২৬
দেশ

কাশ্মীরে জঙ্গি হামলায় আহত বাংলার জওয়ান! বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি, সামনে এল হামলার মাথার নাম

জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা। বুধবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। একটি বাইকে চেপে এসে এলোপাথাড়ি গুলি চালায় তারা। এই হামলায় তিন জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের এক জওয়ানও। আহতদের অনন্তনাগের জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দিকে, হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।জানা গিয়েছে, কুলগামের আখরান এলাকার মির বাজারে নাকা তল্লাশি চলছিল। বুধবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ আচমকাই বাইকে চেপে সেখানে পৌঁছয় অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। এর পর সিআরপিএফের ৪৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। হামলার পরই ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তা বাহিনী। শুরু হয় পাল্টা অভিযান।আহত তিন জওয়ানের নাম রাকেশ দাস, সন্তোষ চান্দ্রু এবং সোমবীর সিং। সন্তোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাকেশ অসমের এবং সোমবীর মধ্যপ্রদেশের বাসিন্দা। জানা গিয়েছে, রাকেশের পায়ে গুলি লেগেছে। সন্তোষের তলপেট ও শিরদাঁড়ায় গুরুতর আঘাত রয়েছে। অন্য দিকে, সোমবীরের বাঁ হাতে গুলি লেগেছে। তিন জনেরই চিকিৎসা চলছে।গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, এই হামলার পিছনে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হাত রয়েছে। হামলার মূল চক্রী হিসেবে উঠে এসেছে লস্কর কম্যান্ডার লতিফ ভাটের নাম। তাঁর মাথার দাম ১৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজ চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।হামলার পর থেকেই জঙ্গিদের খোঁজে কুলগাম ও আশপাশের এলাকায় তল্লাশি চলছে। গোয়েন্দাদের আশঙ্কা, এই হামলার পিছনে শুধু লতিফ ভাট নয়, আরও বড় কোনও জঙ্গি নেটওয়ার্ক কাজ করতে পারে। এলাকায় আরও জঙ্গি সক্রিয় রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

নভেম্বর ১১, ২০২৬
বিদেশ

ইতালিতে একসঙ্গে ৩০০-রও বেশি স্কুলে বোমাতঙ্ক! আতঙ্কে পড়ুয়া-শিক্ষক, কোথায় মিলল বিস্ফোরকের হদিস?

ইতালিতে একের পর এক স্কুলে বোমাতঙ্ক। বিস্ফোরক রাখা রয়েছে বলে হুমকি পাওয়ার পর ৩০০-রও বেশি স্কুলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার দেশের শিক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। হুমকির জেরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্কুলগুলিতে তল্লাশিও চালায় পুলিশ।চলতি নভেম্বরের শুরুতেও একই ধরনের হুমকি পেয়েছিল ইতালির একাধিক স্কুল। ইমেলের মাধ্যমে স্কুলের ভিতরে বিস্ফোরক রাখা রয়েছে বলে জানানো হয়েছিল। এর পরেই আতঙ্ক ছড়ায় বিভিন্ন এলাকায়। লাজিয়ো, ভেনেতো, লম্বার্দি এবং লিগুরিয়া-সহ একাধিক অঞ্চলের স্কুলে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে ঠিক কতগুলি স্কুল থেকে পড়ুয়া ও কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।ইতালির সংবাদমাধ্যম রাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ২৭০-রও বেশি স্কুলে হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছিল। এর মধ্যে বেশ কয়েকটি স্কুলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পড়ুয়া ও কর্মীদের বাইরে বের করে আনা হয়। রাজধানী রোমের আটটি স্কুলও এই হুমকির তালিকায় ছিল বলে খবর।রোমের তুসকোলানো এলাকার একটি প্রাথমিক স্কুলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলের শিশুদের কাছের একটি পার্কে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল। স্কুলের ভিতরে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।এর মধ্যেই বুধবার, ১১ নভেম্বর, রোমের প্রায় ২০টি স্কুলকে ঘিরে নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি হয়। রোমের প্রিফেকচার জানিয়েছে, এই ঘটনা একটি সাইবার হামলার সঙ্গে যুক্ত। তবে কী ধরনের সাইবার হামলা হয়েছিল এবং এর পিছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।পরপর এমন হুমকির ঘটনায় ইতালির শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে স্কুলগুলিতে সত্যিই বিস্ফোরক রাখা হয়েছিল কি না, সেই বিষয়ে এখনও কোনও প্রমাণ মেলেনি।

নভেম্বর ১১, ২০২৬
দেশ

প্রাতঃভ্রমণে বেরিয়ে আচমকাই জ্ঞান হারালেন জগদীপ ধনকড়! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল এইমসে

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘুরে পড়ে যাওয়ার পর জ্ঞান হারান ৭৫ বছর বয়সি প্রাক্তন উপরাষ্ট্রপতি। তড়িঘড়ি তাঁকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা এইমসে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে।সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন ধনকড়। সেই সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। কিছুক্ষণের জন্য জ্ঞানও হারান। তাঁকে ওই অবস্থায় দেখে নিরাপত্তারক্ষীরা দ্রুত পুলিশের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান। আপাতত দিল্লির এইমসের কার্ডিয়ো-নিউরো বিভাগে ভর্তি রয়েছেন তিনি।হাসপাতালে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কেও হাসপাতালের তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই ধনকড়ের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছিল। গত জুলাই মাসে অসুস্থ হয়ে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদ্যন্ত্রের সমস্যার কথা জানা যায়। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই মতো তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। সেই ঘটনার চার মাসের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি।২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকড়। রাজ্যপাল থাকাকালীন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে একাধিক বিষয়ে তাঁর মতবিরোধ হয়েছিল। পরে ২০২২ সালে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।তবে ২০২৫ সালের ২১ জুলাই হঠাৎই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন ধনকড়। তাঁর এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। বিরোধীরাও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও ধনকড় জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি দায়িত্ব ছেড়েছেন। এবার ফের তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ বেড়েছে রাজনৈতিক মহলে।

নভেম্বর ১১, ২০২৬
দেশ

মাদার ডেয়ারির পর আমুলের দুধেও বড় ধাক্কা! বৃহস্পতিবার থেকেই বাড়ছে দাম, কত টাকা বেশি গুনতে হবে?

উৎসবের মরশুমে ফের বাড়ল আমজনতার খরচ। মাদার ডেয়ারির পর এ বার দেশজুড়ে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল আমুল। লিটারপিছু ২ থেকে ৪ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার, ১২ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে। ফলে প্রতিদিনের দুধ কেনার খরচ আরও বাড়তে চলেছে সাধারণ মানুষের।এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় চাপে মধ্যবিত্ত। তার উপর পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে একাধিক সংস্থা। বুধবারই মাদার ডেয়ারি দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করে। একই দিনে আমুলও মূল্যবৃদ্ধির কথা জানাল।গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের তরফে জানানো হয়েছে, দিল্লিতে আমুল গোল্ডের এক লিটারের দাম ৮০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৪ টাকা। আমুল তাজা এক লিটারের দাম ৬০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬২ টাকা। আমুল বাফেলো মিল্কের ৫০০ মিলিলিটারের প্যাকেটের দাম ৩৯ টাকা থেকে বেড়ে হচ্ছে ৪৩ টাকা। আমুল শক্তি দুধের ৫০০ মিলিলিটারের প্যাকেটের দামও বাড়ানো হচ্ছে। অন্যান্য শহরেও একই অনুপাতে দাম বাড়বে বলে জানিয়েছে সংস্থা।কেন এই মূল্যবৃদ্ধি? আমুলের তরফে জানানো হয়েছে, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেট তৈরির উপকরণ এবং জ্বালানির খরচ বেড়েছে। সেই কারণেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত। পাশাপাশি, ২০২৫ সালের মে মাস থেকে দুধ উৎপাদক কৃষকদের দেওয়া দামও ৩.৭ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থা।এর আগে মাদার ডেয়ারিও লিটারপিছু ২ থেকে ৪ টাকা দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল। তবে আপাতত দিল্লি-এনসিআর এলাকায় বর্ধিত দামে দুধ বিক্রি করবে সংস্থাটি। দেশের অন্য শহরগুলিতেও একই হারে দাম বাড়বে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

নভেম্বর ১১, ২০২৬
বিদেশ

দুই বিদেশিনীর গণধর্ষণ মামলা! পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর নাতি-সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দারের নাতি মহম্মদ রাজা দার-সহ আট জনের বিরুদ্ধে গণধর্ষণের মামলায় অভিযোগ গঠন করল আদালত। দুই বিদেশি মহিলাকে ধর্ষণের অভিযোগে এই মামলা দায়ের হয়েছিল। কয়েক সপ্তাহ আগেই পুলিশ রাজা দারকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছিল। কিন্তু এ বার আদালতের নির্দেশে তাঁকে-সহ আট জনকেই বিচারের মুখোমুখি হতে হবে।সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার লাহোরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক রফাকত আলি গোন্ডাল আট অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ গঠন করেন। ওই আট জনই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করানো হয়। তবে প্রত্যেকেই নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার আদালতের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন।আদালত আগামী ৯ ডিসেম্বর মামলার সাক্ষীদের হাজির করার নির্দেশ দিয়েছে। এর পরেই শুরু হবে মূল বিচারপ্রক্রিয়া।এই মামলায় পুলিশের আগের তদন্তের সঙ্গে আদালতের পদক্ষেপের ফারাক বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ। পঞ্জাব পুলিশ এর আগে তদন্তের পর জানিয়েছিল, রাজা দার এবং আরও চার জনের বিরুদ্ধে দুই মহিলাকে যৌন নির্যাতনের কোনও প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের দাবি ছিল, রাজা দারের কর্মচারী তিন ব্যক্তি ওই অপরাধে যুক্ত ছিলেন। তবে আদালত আট জনের বিরুদ্ধেই অভিযোগ গঠন করেছে। মনে রাখতে হবে, অভিযোগ গঠন মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। বিচারপ্রক্রিয়ায় প্রমাণের ভিত্তিতেই তাঁদের দোষ বা নির্দোষ হওয়ার বিষয়টি নির্ধারিত হবে।মামলার সূত্রপাত নেদারল্যান্ডসের স্টেফানি আদনানা মাউ-আরুন এবং ভেনেজুয়েলার অ্যাস্ট্রিড রবিনসন বারাচোকে ঘিরে। অভিযোগ, ব্যবসায়িক বৈঠকের কথা বলে তাঁদের পাকিস্তানে ডেকে পাঠানো হয়েছিল। পুলিশি তদন্ত অনুযায়ী, ২০২৫ সালে সিঙ্গাপুরে রাজা দারের সঙ্গে ওই দুই মহিলার পরিচয় হয়। তাঁরা তাঁকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে বিনিয়োগ করে লাভও পেয়েছিলেন রাজা দার। পরে তিনি ওই প্রকল্পে পাঁচ লক্ষ ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেন বলে তদন্তে জানা গিয়েছে। কিন্তু পরবর্তী সময়ে আর লাভের টাকা বা বিনিয়োগের অর্থ ফেরত পাননি বলে অভিযোগ।পুলিশের দাবি, সেই আর্থিক বিবাদের মীমাংসার কথা বলে দুই মহিলাকে পাকিস্তানে ডেকে পাঠান রাজা দার। তাঁদের জানানো হয়েছিল, সেখানে অন্য এক বিনিয়োগকারীর সঙ্গে দেখা করানো হবে। জুন মাসে পাকিস্তানে পৌঁছে প্রথমে ইসলামাবাদের একটি হোটেলে ওঠেন ওই দুই মহিলা। পরে তাঁরা মুরিও যান। পুলিশের দাবি, ওই সফরে তাঁরা স্বেচ্ছায় গিয়েছিলেন।এর পর তাঁদের লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটি এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, সেখানে দুই মহিলাকে আটকে রাখা হয়েছিল এবং বিনিয়োগের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। তাঁদের দিয়ে জোর করে ১৯ হাজার ৫০০ ডলারও পাঠানো হয় বলে অভিযোগ পুলিশের।পুলিশের তদন্ত রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বাড়িটিতে সশস্ত্র লোকজন পাহারা দিচ্ছিল। বন্দুক, ছুরি এবং ভাঙা আয়না দেখিয়ে দুই মহিলাকে হুমকি দেওয়া হয়েছিল। টাকা না দিলে তাঁদের খুন করে দেহের বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়ার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ।তদন্তকারীদের দাবি, পরে ওই দুই মহিলাকে লাহোর বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সেই সুযোগে তাঁরা পালিয়ে যেতে সক্ষম হন। এরপর তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানান এবং নিজেদের বয়ান রেকর্ড করান। এখন আদালতে আট অভিযুক্তের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার অপেক্ষা।

নভেম্বর ১১, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal